চট্টগ্রামের সন্দ্বীপে সাম্প্রতিক টর্নেডোয় ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে দাঁড়িয়েছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঘরসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী দিয়ে পুনর্বাসন সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টায় উপজেলার মগধরা আদর্শপাড়া তাহফিজুল কোরআন ইসলামীয়া মাদ্রাসা মাঠে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার, উপজেলা এলজিইডি কর্মকর্তা সাইফুল ইসলাম এবং উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত তিন পরিবারের প্রত্যেককে ‘স্পেশাল ভালোবাসার উপহার’ হিসেবে একটি করে নতুন টিনশেড ঘর দেওয়া হয়। প্রতিটি ঘরের আকার ১৮ ফুট × ১২ ফুট।
এ ছাড়া প্রত্যেক পরিবারকে একটি ডাবল খাট, একটি ডাবল সাইজের বেডিং, একটি ডাবল বেডশিট, একটি ডাবল মাদুর, দুটি বালিশ, একটি ডাবল সাইজের মশারি, একটি বালতি, একটি মগ এবং এক সেট ডেকচি দেওয়া হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে এ পুনর্বাসন সহায়তা কার্যক্রম নেওয়া হয়েছে। শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
স্থানীয়রা জানান, প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছিল। নতুন ঘর ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরেছে।