চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বৈদ্যপাড়া এলাকা থেকে খাঁচায় আটকে রাখা একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে পটিয়া বন বিভাগের একটি দল ও বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে বানরটি উদ্ধার করেন।
জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে ওয়াইল্ড লাইফ রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা নাঈম উদ্দিন বিজয় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, হাইদগাঁওয়ের বৈদ্যপাড়া এলাকায় একটি লজ্জাবতী বানর খাঁচায় আটকে রাখা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পটিয়া বন বিভাগের রেঞ্জার এমদাদুলকে জানানো হয়।
তবে রাত হওয়ায় ওই সময় অভিযান চালিয়ে বানরটি উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বুধবার সকালে নাঈম উদ্দিন বিজয় ও পটিয়া বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে খাঁচাবন্দি লজ্জাবতী বানরটি উদ্ধার করে।
উদ্ধারের পর স্থানীয়দের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার বিষয়ে সচেতন করা হয়। লজ্জাবতী বানর বা বেঙ্গল স্লো লরিস বাংলাদেশের একটি বিপন্ন প্রজাতি এবং এটি সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে বিবেচিত।
বন্যপ্রাণী উদ্ধারকর্মী নাঈম উদ্দিন বিজয় এ অভিযানে সহযোগিতার জন্য পটিয়া উপজেলা প্রশাসন ও পটিয়া বন বিভাগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এর আগেও বন্যপ্রাণী উদ্ধারের বিভিন্ন অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে সহযোগিতা করেছেন।
**বন্যপ্রাণীকে খাঁচায় আটকে না রেখে লোকালয়ে পাওয়া গেলে বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।*