‘শিক্ষাই হোক সকল অগ্রগতি, উন্নতি ও সমৃদ্ধির মূলমন্ত্র’—এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা ২০২৬’-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পটিয়া পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ও শেভরন হাসপাতালের চেয়ারম্যান ডা. ফরিদুল আলম।
মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের আহ্বায়ক সেলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রামের সেক্রেটারি ডা. মো. ইরফান উদ্দীন সজীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একর্ড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মুহাম্মদ মহিউদ্দীন, পটিয়া সেন্ট্রাল কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, প্রবাসী ও সমাজসেবক গাজী আবুল কালাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চাকতাই শাখার ম্যানেজার (অপারেশন) হাশমত আলী, মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার উপদেষ্টা জসীম উদ্দীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ওমর ফারুক, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ম্যানেজার আবুল কালাম।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন আমিনুল ইসলাম রায়হান ও গাজী আবুল হাসনাত মো. জোবাইর।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধার বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।