চট্টগ্রামের সন্দ্বীপে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমজাদ হোসেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহার মাঝির বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নজরুল ইসলামের বসতঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে টিনশেডের দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউএনও আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা ও ঢেউটিন তুলে দেন।
এ সময় ইউএনও বলেন, দুর্যোগের এ সময়ে প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে। তাদের প্রয়োজনীয় সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।