চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর এওচিয়া খান মোহাম্মদ বাড়ি এলাকায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জমি দখল, দেয়াল নির্মাণ ও স্থানীয়দের হয়রানির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসী মো. মহিব উল্লাহ।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর বাড়ির সামনের চলাচলের রাস্তাটি তাদের মৌরসি সম্পত্তির অংশ। ওই পথ দিয়ে স্থানীয় বাসিন্দারা প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে চলাচল করে আসছেন। তবে সম্প্রতি প্রতিবেশী ইকবাল হোসেন জাহেদ, মো. ফারুক, মো. হাসানসহ আরও কয়েকজন ব্যক্তি ওই রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়। গত ১১ আগস্ট বিকেলে অভিযুক্তরা চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। স্থানীয়রা এতে বাধা দিতে গেলে তাদের ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
আরও জানা যায়, একপর্যায়ে বাড়িতে এসে অভিযোগকারী দেখতে পান, সীমানার খুঁটি সরিয়ে জায়গা দখল করে সেখানে গাছপালা রোপণ করা হয়েছে এবং পূর্বের দেয়ালও সম্প্রসারণ করা হয়েছে। এতে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত ও জরুরি প্রয়োজনে চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। এ নিয়ে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন অভিযোগকারী।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বিবাদী পক্ষ ভিন্ন দাবি করেছে। ইকবাল হোসেন জাহেদের দাবি, যে জায়গা দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন চলাচল করে আসছেন, সেটি তাদের নিজস্ব বা পৈতৃক সম্পত্তির অংশ। জায়গাটি দীর্ঘদিন খোলা থাকায় পথচারী ও আশপাশের বাসিন্দারা সেটিকে চলাচলের পথ হিসেবে ব্যবহার করে আসছিলেন। নিজেদের মালিকানাধীন সম্পত্তি ও সীমানা রক্ষার স্বার্থেই তারা নিজস্ব জায়গার মধ্যে দেয়াল নির্মাণ ও গাছপালা রোপণ করেছেন।