শিরোনামঃ

রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউ ও ২ ল্যাপটপ চুরি

সাতকানিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে রাতের আঁধারে কম্পিউটার ল্যাবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ল্যাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৯টি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও ২টি ল্যাপটপ নিয়ে যায়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী শাহাবুদ্দিন চুরির বিষয়টি বুঝতে পেরে শিক্ষক ও স্থানীয়দের খবর দেন।

পরে তারা সবাই মিলে চোরের দল কোন দিক দিয়ে সেখানে প্রবেশ করেছে সেটি সনাক্ত করতে গিয়ে বিদ্যালয়ের পেছনে ৯ সিপিইউ ও ২টি ভাঙা ল্যাপটপের খোলস দেখতে পান। তবে সেখানে কোনো ধরনের মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, র‍্যাম, রম, সিডি ড্রাইভ, হার্ডডিস্ক, কুলিং ফ্যান ও ক্যাবল পাওয়া যায়নি।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৩টা) সাতকানিয়া থানা পুলিশের কোন সদস্যই তদন্তের স্বার্থে ঘটনাস্থল পরিদর্শনে যাননি বলে জানা গেছে।

ওই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ইমন দাশ বলেন,
রাতের আঁধারে ল্যাবের তালা ভেঙে একসঙ্গে ৯টি সিপিইউ ও ২টি ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এতে শুধু বিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়নি, শিক্ষার্থীদের নিয়মিত কম্পিউটার শিক্ষা কার্যক্রমও বাধাগ্রস্ত হবে। তবে এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসেনি। তাই আমরা সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য থানায় যাচ্ছি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্তপূর্বক চোর চক্রের সদস্যদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL