চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ আন্তঃফুটবল টুর্নামেন্ট- ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুন) বিকেলে স্থানীয় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই জমকালো ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। মাঠের চারপাশের হাজারো দর্শকের করতালির মধ্য দিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আবদুল হালিম মুন্সী স্মৃতি ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে মাহমুদুল হক মেম্বার স্মৃতি ফুটবল একাদশ। নাঙ্গলমোড়া খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন ড. সালাউদ্দীন আলী। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন মাহমুদ ও সদস্য সচিব মাস্টার আজমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দিন বলেন, “কেবলমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মানসিক মনোবল ও নেতৃত্বের গুণাবলি বিকাশে অনন্য ভূমিকা রাখে। একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রসারে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সভাপতির বক্তব্যে বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সফল উদ্যোক্তা আলহাজ্ব লায়ন ড. সালাউদ্দীন আলী বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতা থেকেই আগামী দিনের জাতীয় মানের খেলোয়াড় তৈরির পথ সুগম হয়। তরুণ সমাজকে মাদক, নৈতিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ, সুন্দর ও একটি উন্নত বাংলাদেশ গড়তে আমাদের যুবসমাজকে মাঠমুখী করতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, আলিফ হাসপাতালের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বাবুল, মির্জাপুর খেলোয়াড় সমিতির সভাপতি মো. ইছহাক, নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুন্সি, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম হাসানসহ আরো অনেকেই। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলার নির্ধারিত সময় শেষে অতিথিবৃন্দ মাঠে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেলসহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। জমকালো এই আয়োজনের মধ্য দিয়ে ভাঙল হাটহাজারীর মাসব্যাপী চলা এই ফুটবল মহোৎসবের আসর।