চট্টগ্রামের হাটহাজারীতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ফতেয়াবাদ এলাকার ছড়ারকুল টার্ফে স্থানীয় নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
খেলায় সাকলাইন এন্টারপ্রাইজ পিসিসি-বিএম এবং এন টি ট্রেডার্স পিসিসি-এএম দল দুটি প্রতিদ্বন্দ্বিতা করে। মাঠজুড়ে খেলোয়াড়দের তুমুল উত্তেজনা ও নৈপুণ্য প্রদর্শনের মধ্য দিয়ে নির্ধারিত সময়ে সাকলাইন এন্টারপ্রাইজকে ১-৫ গোলের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এন টি ট্রেডার্স। খেলা শেষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রিমিয়ার সিমেন্টের চট্টগ্রাম নর্থ এরিয়া ম্যানেজার মো. মোরশেদ বলেন, ব্যবসা ও দৈনন্দিন কাজের ব্যস্ততার মাঝে সুস্থ বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেই আমাদের এই আয়োজন। স্থানীয় নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিক ভাইদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। প্রিমিয়ার সিমেন্ট সবসময়ই তার অংশীজনদের সাথে একাত্ম হয়ে কাজ করতে এবং সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঐতিহ্যবাহী এই ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এন বি স্টিলের স্বত্বাধিকারী মো. মোরশেদ, মাসুদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাসুদ, সাকলাইন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাসেল উদ্দীন এবং এন টি ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. তাজুল ইসলাম।এছাড়াও করপোরেট প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্টের চট্টগ্রাম নর্থ এরিয়া ম্যানেজার মো. মোরশেদ, হাটহাজারী রোড ইনচার্জ মো. খলিলুর রহমান ও ফয়সাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের কাজের ক্লান্তি দূর করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।