শিরোনামঃ

হাটহাজারীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত, শিক্ষার্থীসহ আহত ৯

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. এরশাদ উল্লাহ (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় ৫জন এইচএসসি পরীক্ষার্থীসহ ৯জন আহত হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় রামগড় মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. এরশাদ উল্লাহ উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুমারীকুল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহত ৫ শিক্ষার্থীর মধ্যে তাৎক্ষণিকভাবে হাটহাজারী কলেজের দুই এইচএসসি পরীক্ষার্থী তৌসিফ আহমেদ রাফি (২০) ও এরফানুল আনোয়ার ফাহিম (১৮)-এর পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি উপজেলার নাঙ্গলমোড়া এলাকায়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা সিএনজিচালিত একটি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিল। অটোরিকশাটি চারিয়া বোর্ড স্কুল এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ গাড়িতে থাকা যাত্রীরা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, শিক্ষার্থীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অটোরিকশা চালক এরশাদ উল্লাহর মৃত্যু হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করে নাজিরহাট হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL