চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে মুহাম্মদ আরাফাত (২৬) নামে এক তরুণকে ধাওয়া করে গুলি করার খবর পাওয়া গেছে।
আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মুহাম্মদ আরাফাত পার্শ্ববর্তী ইউনিয়ন বুড়িশ্চর এলাকার আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বড়ুয়া পাড়া এলাকায় আরাফাতের সঙ্গে স্থানীয় দুই যুবক আরিফ ও ইমনের কথাকাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে আরিফ ও ইমন ক্ষিপ্ত হয়ে তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে আরাফাতকে ধাওয়া করে।
এসময় প্রাণভয়ে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে গুরুতর জখম হয়ে আরাফাত রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত অস্ত্র উঁচিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুলিবিদ্ধ আরাফাতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করা গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং হামলায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।