চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে কুমিরা-গুপ্তছড়া নৌপথে স্পিড বোট ভাড়া বৃদ্ধি নিয়ে সৃষ্ট জনঅসন্তোষের মধ্যে গণশুনানির মাধ্যমে অন্তর্বর্তীকালীন ভাড়া ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত গণশুনানি ও মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর কুমিরা-গুপ্তছড়া ঘাটে চলাচলকারী স্পিড বোটের ভাড়া ২৫০ টাকা থেকে এক লাফে ৩৫০ টাকা নির্ধারণ করে পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স আদিল এন্টারপ্রাইজ। হঠাৎ এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার নির্দেশে উপজেলা প্রশাসন এই গণশুনানির আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অংশগ্রহণ করেন।
গণশুনানিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, যুগ্ম আহ্বায়ক গাজী হানিফ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, বিআইডব্লিউটিএ কর্মকর্তা জাহিদুল ইসলাম, সন্দ্বীপ থানার সেকেন্ড অফিসার সৈকত উল্ল্যাহ, মেসার্স আদিল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জগলুল হোসেন নয়ন, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, সাবেক ছাত্রনেতা আনিস আকতার টিটুসহ অন্যান্যরা।
এছাড়া সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি ও সদস্য সচিব কামরুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ শাখার সহ-সভাপতি মাওলানা মুহিব খান, জামায়াতে যুব বিভাগের সভাপতি মাকছুদুর রহমান, শিক্ষক নেতা এ কে ফজলুল করিম, হেফাজতে ইসলামের নেতা মাওলানা শরীফ হায়দার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা সানাউল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, এনসিপি সন্দ্বীপ উপজেলার যুগ্ম সমন্বয়ক মক সাহেদুল ইসলাম, গণঅধিকার পরিষদের উপজেলা সংগঠক মেহেদী হাসান, সাংবাদিক আবু সায়েদ খানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
সভায় বক্তারা ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা, যাত্রীদের ভোগান্তি এবং নৌপথে সেবার মান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়, ভাড়া নির্ধারণে সরকারি গেজেট প্রকাশের প্রক্রিয়া চলমান রয়েছে।
সর্বশেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে, বিআইডব্লিউটিএর ভাড়া সংক্রান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কুমিরা-গুপ্তছড়া ঘাটে স্পিড বোট ভাড়া জনপ্রতি ৩০০ টাকা নির্ধারণ করা হবে। এ সিদ্ধান্তকে সাময়িক সমাধান হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টরা দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান।