শিরোনামঃ

কর্ণফুলীতে এমআর টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল শুরু, টার্গেটে সব শিশু

ওসমান হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রাম কর্ণফুলীতে সারাদেশের ন‍্যায় 
হাম ও রুবেলা সংক্রমণ নিয়ন্ত্রণে শুরু হতে যাওয়া হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রস্তুতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ প্রস্তুতি সভায় 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসাম্মৎ জেবুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র।

এ সভায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি উপজেলা পর্যায়ে ১২ মে পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

সভাপতির বক্তব্যে ডা. মোসাম্মৎ জেবুন্নেসা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। ক্যাম্পেইনের মাধ্যমে কর্ণফুলী উপজেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, পূর্বে নির্ধারিত বয়সে এমআর টিকা গ্রহণ করা শিশুরাও এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা নিতে পারবে।

প্রধান অতিথি সজিব কান্তি রুদ্র বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং হাম-রুবেলা নির্মূলে এই কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং কোনো শিশুই যেন টিকা থেকে বাদ না পড়ে সে বিষয়ে সবার দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন।

তিনি আরও বলেন অভিভাবকদের নির্ধারিত দিনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ‘vaxepi’ অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে টিকা কার্ড সংগ্রহ করলে কার্যক্রম আরও সহজ হবে বলেও উল্লেখ করেন।

সভায় আরও জানানো হয়, উপজেলার প্রতিটি ওয়ার্ডে টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে এবং শিশুরা হাম ও রুবেলার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL