কক্সবাজার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেছেন, আমরা জনগণের প্রত্যাশা পূরণে একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।
পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না। জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতায় নিরাপদ সমাজ গঠনের সবচেয়ে বড় শক্তি। বর্তমানের দুর্বল হয়ে পড়া পুলিশ বাহিনীকে পুনর্গঠনে স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করছেন এবং তাঁর নেতৃত্বে একটি শক্তিশালী, আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে উঠবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনসম্পৃক্ত পুলিশিং জোরদারের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, জনগণের ইচ্ছায় কাঁদবে, জনগণের ইচ্ছায় হাসবে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই। সরকার একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার দায়িত্ব আমাকে কক্সবাজার দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব সফলভাবে পালন করা হয়েছে। জেলার মধ্যে বদরখালী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, এ এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন সময়ের দাবি। জনবল সংকটের কথা তুলে ধরে এসপি সাজেদুর রহমান বলেন, গত ১৭ বছরে পুলিশ সদস্যের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়েনি। তবে সীমিত জনবল নিয়েই বদরখালীতে ছোট পরিসরে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
বর্তমানে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ২০ জন সাব-ইন্সপেক্টরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং এ অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও চকরিয়া-মাতামুহুরী এলাকার মানুষ অস্ত্র তৈরি করে না; অস্ত্র তৈরির উৎস বন্ধে প্রথমে মহেশখালীকে গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হবে। বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়া পুলিশ বাহিনীকে পুনর্গঠনের লক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করছেন এবং তাঁর নেতৃত্বে একটি শক্তিশালী, আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে ও সহসভাপতি আবদুল মজিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।
এছাড়াও বক্তব্য দেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক মো: মঈনুদ্দিন, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, বদরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলী মোহাম্মদ কাজল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন এবং ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।