শিরোনামঃ

মাতারবাড়ী চ্যানেলে ড্রেজিং শুরু: নিরবচ্ছিন্ন জাহাজ চলাচলের উদ্যোগ

মামুনুর রশিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামুদ্রিক বাণিজ্যের গতিশীলতা বজায় রাখতে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেলে জরুরি রক্ষণাবেক্ষণ (Maintenance) ড্রেজিং কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। চ্যানেলের নাব্যতা পুনরুদ্ধার করে বড় আকারের কয়লাবাহী ও এলএনজি (LNG) জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

​বর্তমানে মাতারবাড়ী চ্যানেল দিয়ে কয়লাবাহী জাহাজ নিয়মিত চলাচল করছে এবং অদূর ভবিষ্যতে এলএনজি বহনকারী জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে চ্যানেলের বিভিন্ন স্থানে অতিরিক্ত পলি জমার কারণে নাব্যতা কিছুটা হ্রাস পাওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে এই ড্রেজিং কার্যক্রম গ্রহণ করেছে। চ্যানেলের নির্ধারিত গভীরতা বজায় রাখা এখন বন্দর কর্তৃপক্ষের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

​মাতারবাড়ী চ্যানেলের মরফোলজিক্যাল অবস্থা এবং পলি পরিবহনের ধরণ বিশ্লেষণ করে এই ড্রেজিংয়ের জন্য ‘ট্রেইলিং সাকশন হপার ড্রেজার’ (TSHD) কে সবচেয়ে কার্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিশেষায়িত প্রযুক্তি ব্যবহারের ধারাবাহিকতায় চীনা প্রতিষ্ঠানের মালিকানাধীন শক্তিশালী ড্রেজার ‘TSHD King Copper’ বর্তমানে চ্যানেলে পলি অপসারণের কাজ করছে। এটি চ্যানেলের গভীরতা পুনরায় প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণে কাজ করে যাচ্ছে।

​মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি কৌশলগত মাইলফলক। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “চ্যানেলের নির্ধারিত নাব্যতা বজায় থাকলে বৃহৎ আকারের বাণিজ্যিক, কয়লাবাহী এবং এলএনজি জাহাজ নিরাপদে চলাচল করতে সক্ষম হবে। এটি দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও সুসংহত এবং আন্তর্জাতিক বাণিজ্যকে গতিশীল করবে।”

​চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দেশের সমুদ্র বন্দর ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বদ্ধপরিকর। সকল অংশীজনের সহযোগিতায় মাতারবাড়ী চ্যানেলের নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় সব কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL