শিরোনামঃ

রাউজানে নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু, ধানক্ষেতে লাশ উদ্ধার

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ
ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ

একটি ফোনকল। এরপর ঘর থেকে বেরিয়ে যাওয়া। তারপর আর বাড়ি ফেরা হয়নি। নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর চট্টগ্রামের রাউজানে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে স্বপন বড়ুয়া (৫২) নামে এক নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের পশ্চিম বড়ুয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত স্বপন বড়ুয়া স্থানীয় গৌরচন্দ্র যতীন্দ্র উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী এবং কদলপুর ইউনিয়নের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে স্বপনের মোবাইল ফোনে একটি কল আসে। কল পাওয়ার পর তিনি পরিবারের লোকজনকে জানান, পাশের একটি দোকানে একজন তাকে ডাকছেন। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। রাত গভীর হলেও তিনি আর ফিরে না আসায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
পরদিন সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে অল্প দূরের একটি ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের স্বজনদের দাবি, তার কপাল, নাক, হাত ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। যে কারণে তারা মৃত্যুর ঘটনাকে রহস্যজনক হিসেবে দেখছেন। এলাকাবাসীর মধ্যেও এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
গৌরচন্দ্র যতীন্দ্র উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাসন রক্ষিত বলেন, “স্বপনকে সন্ধ্যায় ডেকে নেওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি।”
তবে ঘটনাস্থলের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, বিষপানের পর ছটফট করতে গিয়ে অথবা আশপাশের কোনো বস্তুর সঙ্গে ধাক্কা লেগে শরীরে এসব আঘাতের সৃষ্টি হয়ে থাকতে পারে।
রাউজান থানার এসআই মুহাম্মদ খোরশেদ বলেন, “মরদেহে কিছু জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে এগুলো কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষপানের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাকে ফোন করে ডেকে নেওয়ার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাইফুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

একটি ফোনকলের পর নিখোঁজ হওয়া স্বপনের মৃত্যু ঘিরে এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL