চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাশেদ ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের মান্নান ডাক্তার বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে রাউজানের উরকিরচর জনকল্যাণ ছাত্রসংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রাশেদ সোমবার রাতে উরকিরচর এলাকায় তার খালাতো বোনের বাসায় বেড়াতে যান। তবে রাতে বাসার দরজা না খোলায় তিনি বাইরে অবস্থান করেন। পরদিন সকালে জনকল্যাণ ছাত্রসংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠানে তার মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় সমাজসেবক ও বীমাকর্মী আবুল কাশেম হিরু বলেন, “মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।”
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”