চট্টগ্রামের রাউজানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তঃ রাউজান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা। রবিবার বিকেলে রাউজান নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ ও নোয়াজিষপুর ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল একাদশ।
ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ফুটবলপ্রেমীদের সরব উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য। নির্ধারিত সময়জুড়ে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে।
রুদ্ধশ্বাস টাইব্রেকারে নোয়াজিষপুর ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল একাদশ ৫-৪ গোলে পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে জয় তুলে নেয় এবং টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলা শুরুর আগে নোয়াজিষপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নোয়াজিষপুর ইউনিয়ন ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল হুদা।
এ সময় তিনি খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দিয়ে বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার কার্যকর মাধ্যম। সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্রদল নেতা ফরিদ উদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ তারেক, নাছির উদ্দিন তালুকদার, নোয়াজিষপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মেন্টর মো. ফয়সাল হোসেন, টিম ম্যানেজার রিফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।