শিরোনামঃ

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা: ১১ জনের নামে মামলা, সন্দেহভাজনসহন আটক ২

রাউজান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে গুলি করে হত্যার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় এক আসামি মো. রায়হানকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। এর আগে পুলিশ সন্দেহভাজন হিসেবে জাকের মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (১৬ জুন) রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও র‍্যাব-৭ চট্টগ্রাম পৃথকভাবে এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নিহতের বড় ভাই ও রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে সোমবার গভীর রাতে রাউজান থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া পাঁচজনসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে মামলার এজাহারে নাম থাকা আসামি মো. রায়হানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। সংস্থাটির দাবি, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে পড়ে থাকা মাসুদের মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান রায়হান।
র‍্যাব-৭ জানায়, হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জুন রাত ১০টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, “গ্রেপ্তার রায়হান রাউজান থানার একটি ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলারও তদন্তে প্রাপ্ত আসামি।” পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুন দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের আশরাফিয়া ফার্মেসির সামনে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের প্রয়াত আবদুল খালেকের ছেলে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL