শিরোনামঃ

গর্তে ভরা রাউজান গাজীপাড়া সড়ক, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ
ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ

চট্টগ্রামের রাউজান উপজেলার রাউজান ইউনিয়নের কুলালপাড়া, মৌলার বাড়ি, গাজীপাড়া, আদর্শগ্রাম, শীলপাড়া ও রুপনগর এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা এই সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। 
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, সড়কটি এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক ও বিভিন্ন পেশার মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে যায়। এতে গর্তগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগীদের চলাচলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় জরুরি রোগী হাসপাতালে নিতে গিয়েও ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে এলাকার মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। তারা দ্রুত এই জনগুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ শুরু করার দাবি জানান।

সিএনজি চালক মোহাম্মদ কবির বলেন, “দীর্ঘদিন ধরে ভাঙাচোরা এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় প্রায়ই যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাত্রীদের নিয়েও নিরাপদে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করা হলে চালক ও সাধারণ মানুষ উভয়েই উপকৃত হবে।”


এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বলেন ,এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, তরুণ-যুবক ও সচেতন নাগরিকরা অংশ নেন। কর্মসূচি থেকে সড়কটির দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়নের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL