শিরোনামঃ

প্রযুক্তির সহায়তায় ডিবির সাফল্য: উদ্ধার হলো ১০১ হারানো মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রাম: হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে হারানো ১০১টি মোবাইল ফোন উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৭ জুন) পুলিশ সুপারের কার্যালয়, নাসিরাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, হারানো মালামাল উদ্ধার এবং জনমুখী পুলিশি সেবা আরও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পেশাদার তদন্ত এবং আন্তরিক প্রচেষ্টার ফলে হারানো মোবাইল ফোন উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা।

পুলিশ সুপার মো. মাসুদ আলম দায়িত্ব গ্রহণের পর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তাঁর নির্দেশনায় ডিবি পুলিশ হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে।

এ অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় দায়ের হওয়া মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরে তথ্যপ্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ১০১টি মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়।

অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হলে তারা আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, হারিয়ে যাওয়া ফোন ফিরে পাওয়ার আশা অনেকটাই ছেড়ে দিয়েছিলেন তারা। পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বাড়িয়ে তুলবে।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশি সেবার মূল ভিত্তি। প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ দমন, হারানো সম্পদ উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।

চট্টগ্রাম জেলা পুলিশ মনে করে, জনবান্ধব ও সেবামুখী পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং নিরাপদ সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL