চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে নিম্নআয়ের ১২৪টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে ও হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহেদ আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ফ্যামিলি কার্ড কেবল একটি সহায়তা নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের একটি কার্যকরী হাতিয়ার। সরকারের লক্ষ্য হচ্ছে দেশের একটি পরিবারও যেন মৌলিক চাহিদা থেকে বঞ্চিত না হয়। আমরা টেকসই উন্নয়নের মাধ্যমে প্রতিটি ঘরে সুশাসন ও সুষম বণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দিতে চাই। তিনি আরো বলেন, প্রশাসন ও স্থানীয় জন-প্রতিনিধিদের অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, যেন প্রকৃত সুফলভোগীরা কোনো ধরনের হয়রানি ছাড়াই তাদের প্রাপ্য অধিকার বুঝে পান। দল-মত নির্বিশেষে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. শফিকুল ইসলাম এবং উপ-উপাচার্য ড. মোহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দীন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. ওহিদুল আলম এবং চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকি।
হাটহাজারীতে ফ্যামিলি কার্ড পেয়ে প্রধানমন্ত্রীকে ভার্চুয়ালী বক্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শারতী দাস বলেন, আমি এই টাকা দিয়ে সংসার গুছানোর চেষ্টা করবো। কারণ আমার স্বামী একা পরিশ্রম করে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আমি ফ্যামিলি কার্ডের টাকা দিয়ে গরু কিংবা ছাগল কিনে লালনপালন করে সংসারের খরচ চালাতে চেষ্টা। আমাদের ফ্যামিলি কার্ড প্রদানের জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো।
উক্ত কার্ড বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।