জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষরোপণ শুরু হয়েছে।
গত শনিবার (১৩ জুন) উপজেলার পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে একযোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত দেশব্যাপী “২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” এর আওতায় হাটহাজারী উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এই বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ভাঞ্জন ব্রিজ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে চারা রোপণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সাংসদ ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় হাটহাজারী উপজেলায় চলতি মৌসুমে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের একটি সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত শনিবার একযোগে উপজেলার সবকটি প্রশাসনিক এলাকায় এই সবুজায়ন প্রকল্প শুরু হলো।
উপজেলার ভাঞ্জন ব্রিজ এলাকায় আয়োজিত মূল অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবেশকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং দেশের বনজ সম্পদ বৃদ্ধিতে এই কর্মসূচি যুগান্তকারী ভূমিকা রাখবে। হাটহাজারীকে একটি আদর্শ সবুজ উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকারের এই উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণকে নিজ উদ্যোগে অন্তত ৩টি করে গাছ লাগানোর এবং তা পরিচর্যার আহ্বান জানান সংশ্লিষ্টরা।