বাংলাদেশ আজ একটি নতুন রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতার মধ্যদিয়ে এগিয়ে চলেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম অঙ্গীকার হলো সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, জনকেন্দ্রিক উন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জনগণের সবচেয়ে কাছের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেলা পরিষদ অন্যতম।
এই প্রেক্ষাপটে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে মাহবুবের রহমান শামীমের দায়িত্ব গ্রহণ বিশেষ তাৎপর্য বহন করে। দায়িত্ব গ্রহণের দিনই তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন, 'দুর্নীতিকে কোনোভাবেই বরদাশত করা হবে না।' একই সঙ্গে তিনি জানান, জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং নিজের সাংগঠনিক ও প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চট্টগ্রামের উন্নয়নে কাজ করবেন। তাঁর এই বক্তব্য শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়; এটি একটি নীতিগত অঙ্গীকার।
দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা মাহবুবের রহমান শামীমকে মানুষের প্রত্যাশা ও বাস্তব প্রয়োজন সম্পর্কে সম্যক ধারণা দিয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি যদি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নকে সমান গুরুত্ব দিয়ে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করেন, তবে চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, গ্রামীণ জনপদের সেবা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলো নতুন গতি পাবে।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন দর্শনের অন্যতম ভিত্তি হলো জনগণের অর্থের সঠিক ব্যবহার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। সেই নীতির বাস্তব প্রতিফলন ঘটাতে হলে জেলা পরিষদসহ প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব হতে হবে। প্রশাসক হিসেবে মাহবুবের রহমান শামীমের সামনে এটাই সবচেয়ে বড় দায়িত্ব এবং একই সঙ্গে সবচেয়ে বড় সুযোগ।
চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই অঞ্চলের উন্নয়ন কেবল একটি জেলার উন্নয়ন নয়; বরং জাতীয় অর্থনীতি, বিনিয়োগ, শিল্প, বন্দর ও কর্মসংস্থানের অগ্রগতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই জেলা পরিষদের প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। জনগণ এখন প্রতিশ্রুতির চেয়ে কাজ দেখতে চায়।
দুর্নীতির বিরুদ্ধে ঘোষিত অবস্থান যদি কার্যকর পদক্ষেপে রূপ নেয় এবং কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়, তাহলে চট্টগ্রাম জেলা পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। উন্নয়ন, সততা এবং সেবার সমন্বয়ই হতে পারে মাহবুবের রহমান শামীমের নেতৃত্বে নতুন চট্টগ্রাম গড়ার মূল ভিত্তি। লেখক: নুর শাহেদ খাঁন রিপন, যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।