শিরোনামঃ

হাটহাজারীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ৩ দিনে ১০ জনের কারাদণ্ড

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের হাটহাজারীতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি ঘোষণা করে বিশেষ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। সপ্তাহব্যাপী চলমান এই কর্মসূচির অংশ হিসেবে গত তিন দিনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সংরক্ষণ, বিক্রি ও সেবনের দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২০, ২১ ও ২২ আগস্ট হাটহাজারী পৌরসভা, ফতেপুর ইউনিয়নের ইসলামিয়ার হাট ও বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাটসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান। অভিযান পরিচালনাকালে হাটহাজারী মডেল থানার একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য সংরক্ষণ, কেনাবেচা এবং প্রকাশ্যে মাদক সেবন করে আসছিলেন। এর ফলে স্থানীয় জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল এবং সামাজিক শান্তি বিনষ্ট হচ্ছিল। অভিযানে অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১০ জন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান জানান, মাদক থেকে তরুণ সমাজকে রক্ষা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। জনস্বার্থে এবং মাদকের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত প্রশাসনের এই কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসী প্রশাসনের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL