আগামী পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন লায়ন মো. বেলাল উদ্দীন। তিনি নির্বাচিত হলে পেকুয়ার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি অসহায়, দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।
লায়ন মো. বেলাল উদ্দীন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের দরিয়াখালী এলাকার ফেরদৌস আহমদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কর আইনজীবী ও উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন। এর আগে সরকারের বিভিন্ন দপ্তরেও দায়িত্ব পালন করেছেন তিনি।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে এমবিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি এফসিজিএ (ফেলো অব দ্য সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস) ও আইটিপি পেশাগত যোগ্যতা অর্জন করেছেন।
সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও লায়ন মো. বেলাল উদ্দীনের সম্পৃক্ততা রয়েছে। তিনি চকোরিয়া-পেকুয়া সমিতি, ঢাকার সহসভাপতি এবং কক্সবাজার সমিতি, ঢাকার সাবেক সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি ‘ডেভেলপমেন্ট অপরচুনিটিজ ফর লোকাল অ্যাডভান্সমেন্ট (DOLA)’ এবং ‘দোলা মহিলা উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠান দুটির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রতিবন্ধী ও অতিদরিদ্র মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। তার নেতৃত্বে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
লায়ন মো. বেলাল উদ্দীন বলেন, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে কাজ করার আগ্রহ থেকেই তিনি জনপ্রতিনিধি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার দীর্ঘদিনের পেশাগত ও উন্নয়নমূলক অভিজ্ঞতা নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মনে করেন।
তিনি বলেন, নতুন সরকার জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর মুখোমুখি হওয়া সমস্যাগুলো সমাধানের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। আমি সুশাসন ও ন্যায়ভিত্তিক উন্নয়নের লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পেকুয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পেকুয়ার মানুষের পাশে থেকে একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ পেকুয়া গড়ে তুলতে চাই। অনিয়ম, দুর্নীতি, মাদক ও জুয়ামুক্ত পেকুয়া গড়ে তোলার পাশাপাশি সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই।
চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে লায়ন মো. বেলাল উদ্দীন বলেন, আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন নিয়ে আমি আগামী পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি। আপনাদের দোয়া ও সহযোগিতাই হবে আমার একমাত্র শক্তি।