চট্টগ্রামের পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাবরেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও কার্যালয়ের উমেদার রূপন দাশ।
দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও রেজিস্ট্রির কাজ আটকে রাখেন সাবরেজিস্ট্রার।
পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাবরেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে তিনি দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে ফাঁদ অভিযান চালায় দুদক। অভিযানের একপর্যায়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে আটক করা হয়।
দুদক জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা করার প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।