শিরোনামঃ

ঘুমধুম সীমান্তে প্রায় ৪০ হাজার পিস  ইয়াবাসহ আটক ২ রোহিঙ্গা

মাঈনুদ্দিন খালেদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মাঈনুদ্দিন খালেদ
ছবি: মাঈনুদ্দিন খালেদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ৩৯ হাজার ৯ শত ২৪ পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের কাছাকাছি জামালের ঘের এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন—এফডিএমএন ক্যাম্প-১-এর বি/১ ব্লকের বাসিন্দা কলিমুল্লাহ (২৫), পিতা কবির আহমেদ এবং একই ক্যাম্পের বি/২ ব্লকের শিরাজুল মোস্তফা (২৪), পিতা জাকির আহমেদ।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩৯ হাজার ৯২৪ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে মাদক ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধার করা ইয়াবাসহ তাদের থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকায় মাদক ও অবৈধ চোরাচালান নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL