বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে সীমান্তে স্যাম্পল ইয়াবা ৬০ পিস, বিদেশি মদ ২ বোতল ও ইয়াবা ক্রয়ের জন্য লুকিয়ে রাখা ৫ লাখ ৯০ হাজার টাকা সহ ২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্র জানান, বান্দরবানের পুলিশ সুপারের নির্দেশে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মঈন উদ্দিনের নেতৃত্বে দল অভিযানে নামে। পুলিশের এ আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মোজাম্মেল হক প্রকাশ বাবুর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানে দু ইয়াবা ব্যবসায়ী আটক হয়।
পুলিশের দাবি, ওই বসতবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকের বেচাকেনা চলছিল। উদ্ধারকৃত সব আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মঈন উদ্দিন বলেন, 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।'
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, 'মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।