শিরোনামঃ

পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় মুন্সিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পটিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

চট্টগ্রামের পটিয়ায় পূর্ববিরোধ ও কলা চুরির প্রতিবাদ করাকে কেন্দ্র করে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তোহা ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোহাম্মদ তোহার বাড়ির গাছ থেকে কলা চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত পৌনে ১২টার দিকে পাশের বাড়ির এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। স্থানীয়দের দাবি, দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।

একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে এজাহার মিয়ার পরিবারের সদস্যরা মোহাম্মদ তোহাকে মারধর করে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, এ সময় তাকে লোহার রড দিয়ে আঘাত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৯)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে এজাহার মিয়ার পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। ঘটনার সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। শনিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পটিয়া আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন জানান, মোহাম্মদ তোহা অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার পরিবার যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার পায়, সেই দাবি জানান তিনি।
এদিকে পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL