খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পোড়াবাড়ি ব্রিকফিল্ড সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম বেহাল দশায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো সড়কজুড়ে সৃষ্টি হয় হাঁটু সমান কাদা ও তীব্র জলাবদ্ধতা, যা দেখে বোঝার উপায় নেই এটি সড়ক নাকি কোনো আবাদি জমি। এই পরিস্থিতিতে চরম ক্ষোভ প্রকাশ করে ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে কাদাচ্ছন্ন রাস্তায় প্রতীকী ধানের চারা রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পানি ও কাদা জমে একাকার হয়ে গেছে। যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় কৃষক, সাধারণ পথচারী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন ধরে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে থাকলেও পানছড়ি উপজেলার কোনো প্রশাসনিক কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই। প্রশাসনিক এই চরম উদাসীনতার কারণেই বাধ্য হয়ে আমরা আজ রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানাচ্ছি।"
এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সড়কটি সরেজমিনে পরিদর্শন করে স্থায়ী পুনর্নির্মাণ ও চলাচলের উপযোগী করার জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসন ও স্থানীয় প্রকৌশল বিভাগের জরুরি হস্তক্ষেপ ও সুদৃঢ় দৃষ্টি আকর্ষণ করছেন।