পাহাড়ি জনপদ খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যময় এক শব্দকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিয়েছে। গত ২২ জুন থেকে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে অস্বাভাবিক এ শব্দ শুনতে পায়। পরে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রাও শব্দটি শোনার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের দাবি, শ্রেণীকক্ষসহ বিদ্যালয়ের বিভিন্ন স্থান তল্লাশি করেও শব্দের উৎস শনাক্ত করা যায়নি। আরও বিস্ময়ের বিষয়, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের অন্য কক্ষে নেওয়ার পরও একই ধরনের শব্দ শোনা যায়।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় কৌতূহলের পাশাপাশি উদ্বেগও ছড়িয়ে পড়ে। বিষয়টি খতিয়ে দেখতে বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
শিক্ষার্থীরা বলেন, হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ আমরা শুনতে পাই। এমন শব্দের কারণে ভয়ে ক্লাসে যেতে পারি না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা ত্রিপুরা জানান, অজানা এ শব্দটি শোনার পর থেকে স্থানীয়দের এবং ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে একজন হুজুরের মাধ্যমে স্কুলে পানি পড়া ও দোয়া পড়ানো হয়। তবুও আতঙ্ক কাটছে না শিক্ষার্থী ও অভিভাবকদের।
উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গণি বলেন, বিদ্যালেয়র প্রধান শিক্ষক বিষয়টি জানালে আমি পরিদর্শন করি। রহস্যময় এ আওয়াজ কোথা থেকে বা কিভাবে উৎপত্তি সেটা উদঘাটন করার চেষ্টা চলছে। তবে শিক্ষার্থীদের যে কক্ষে নেয়া হচ্ছে সেখানেই এ আওয়াজ শোনা যাচ্ছে।
এদিকে বিজ্ঞজনরা বলছেন, প্রাকৃতিক বা বৈজ্ঞানিক কোনো কারণে এ ধরনের শব্দ সাময়িক ভাবে হতে পারে। তবে কোমলমতিদের ভয় পাওয়ার বিষয়টিও স্বাভাবিক। তাদের বুঝানো উচিত। অন্যদিকে স্থানীয়দের ধারণা কোনো বদ জ্বীন বা প্রেতাত্মার কারিশমা হতে পারে।
রহস্যময় এ শব্দের উৎস নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা বিভাগ পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে।