কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ব্যাটারি চালিত অটোরিকশা (মিশুক) গাড়ির ধাক্কায় ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মগনামা সাবমেরিন বানৌজা সড়কের চেপ্টাখালী নাশির সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মুহাম্মদ তামিম (৬)। সে নতুন কাক পাড়া এলাকার জাহেদুল ইসলাম মানিকের ছেলে এবং মগনামা ফরিদ আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা ডেনিশ বোটে কর্মরত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে তামিম সাবমেরিন বানৌজা সড়ক পার হচ্ছিল। এ সময় সাবমেরিন স্টেশনের দিকে যাওয়া একটি মিশুক গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তার ঘটনাস্থলে মৃত্যু হয়। স্থানীয়রা মিশুক গাড়িটি জব্দ করেছে। তবে চালক কৌশলে সটকে পড়ে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে লোকজন জড়ো হন এবং এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে দুর্ঘটনায় জড়িত মিশুক গাড়ির চালক হিসেবে ইমরান নামের এক ব্যক্তির কথা জানা গেছে। তার বাড়ি মগনামার শরৎঘোনা এলাকায় বলে জানা গেছে।
এদিকে, তামিমের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, দুর্ঘটনায় একজন শিশু মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।