কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি চিকিৎসা সেবা প্রদানে দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দ্রুত সেবা নিশ্চিতকরণ এবং রোগীবান্ধব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এ অর্জন এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত এক বছরে প্রতিষ্ঠানটির জরুরি বিভাগ থেকে প্রায় ৫৪ হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা প্রদান, দক্ষ চিকিৎসক ও নার্সদের আন্তরিক প্রচেষ্টা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবহারের ফলে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
এই কৃতিত্বের জন্য সরকারিভাবে আয়োজিত ইউএইচএফপিও সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাত থেকে প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মুজিবুর রহমান।
পুরস্কার গ্রহণশেষে এক ফেসবুক পোস্টে তিনি মহান আল্লাহ কাছে শুকরিয়া আদায় করে বলেন, এ অর্জন আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবসময় রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখব।
সম্মেলনে দেশের ৪৯২ জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অংশগ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এতে স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, মহাপরিচালক (স্বাস্থ্য)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, আগের তুলনায় বর্তমানে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান অনেক উন্নত হয়েছে। বিশেষ করে জরুরি বিভাগে দ্রুত চিকিৎসা পাওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে তাদেরকে অনুপ্রাণিত করবে।