কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ একটি বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের পানির সংকট নিরসনের আশা দেখছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির আওতায় সিকদারপাড়া গ্রামের প্রায় ৫শ পরিবার সরাসরি বিশুদ্ধ পানির সুবিধা পাবে। বর্তমানে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে শুধু পেকুয়া নয়, পাশ্ববর্তী চকরিয়া উপজেলা উপজেলার বিভিন্ন ইউনিয়নেও একই ধরনের বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন, রাজাখালী ইউনিয়ন, বারবাকিয়া ইউনিয়ন ও টইটং ইউনিয়ন ইউনিয়নেও একাধিক প্রকল্পের কাজ চলমান রয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ পানির আওতায় আনা হচ্ছে। এতে পানিবাহিত রোগ কমে আসবে এবং জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন ও আবু ছালেক বলেন, দীর্ঘদিন ধরে তারা বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। পানির জন্য অনেক কষ্টে ছিলাম। অনেক দূর থেকে পানি সংগ্রহ করতে হতো। প্রকল্পটি বাস্তবায়ন হলে তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরে আসবে এবং স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমে যাবে।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কাজ সম্পন্ন করে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হলে উপকূলীয় এই জনপদের মানুষের জীবনমান আরও উন্নত হবে।