পার্বত্য জেলা বান্দরবানে জনগণের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন।
গত ২২জুন চট্টগ্রামের ২৪পদাতিক ডিভিশন এর জিওসি ও এরিয়া কমান্ডার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার লংলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তংক্ষং পাড়ার পাড়া প্রধান আন্তহা ত্রিপুরা (৮৪) চোখের চিকিৎসার জন্য আবেদন করে। পরে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে জিওসি চট্টগ্রাম তৎক্ষণাৎ তাকে সার্বিক চিকিৎসা প্রদানের জন্য বান্দরবানের রিজিয়ন কমান্ডারকে নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় তাকে দুর্গম রোয়াংছড়ি উপজেলা থেকে বান্দরবান সদরের সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয় এবং বিনামুল্যে চোখের অপারেশন, চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
এদিকে সেনাবাহিনীর চিকিৎসায় আন্তহা ত্রিপুরা সুস্থ হয়ে উঠলে শনিবার(২৭ জুন) সকালে সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান ইকরাম এর উপস্থিতিতে তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে আন্তহা ত্রিপুরা ও তার পরিবারের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী সহায়তা প্রদান শেষে তাকে বাড়ীতে যাওয়ায় ছাড়পত্র দেয়া হয়।
এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামুল্যে চোখের চিকিৎসা পেয়ে খুশি আন্তহা ত্রিপুরা। তিনি বলেন, আমার একটি আবেদনপত্রের মাধ্যমে আমাকে বিনামুল্যে চোখের অপারেশন, চিকিৎসা ও ওষুধ দিয়ে সেনাবাহিনী যে সহায়তা করেছে তা আমি ভুলবো না। দুর্গম এলাকায় গরীব ও অসহায়দের সেনাবাহিনী অনেক সহায়তা করছে বলে জানিয়ে তিনি বলেন, আমাদের সেনাবাহিনী পার্বত্য এলাকার গর্ব।
উল্লেখ্য, সেনাবাহিনীর পক্ষ থেকে বান্দরবানের দুর্গম এলাকায় নিরাপত্তা প্রদানের পাশাপাশি স্থানীয় জনগণকে বিনামুল্যে বিভিন্ন ধরণের চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে আর এই ধরণের সেবামুলক কার্যক্রমের ফলে দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্নভাবে উপকৃত হচ্ছে।