বোয়ালখালীর বিভিন্ন নাগরিক সমস্যা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করেছেন ছাত্রপ্রতিনিরা।
সোমবার(৩১ আগষ্ট) বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের কাছে এই স্মারকলিপি প্রদান করেন ছাত্রপ্রতিনিধিরা।
স্মারকলিপিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ জনবল নিশ্চিতকরণ, পৌরসভার সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, রেললাইন এলাকায় দুর্ঘটনা প্রতিরোধ এবং বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং নিরসনসহ গুরুত্বপূর্ণ দাবিগুলো তুলে ধরা হয়।
এজাতীয় ছাত্রশক্তি, চট্টগ্রাম দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফ বিন ইব্রাহিম বোয়ালখালী পৌরসভা রোডের যানজট নিরসনে গাড়ির জন্য নির্দিষ্ট স্টেশন নির্মাণসহ প্রাথমিক কিছু সমাধানের প্রস্তাব দেন।
জাতীয় ছাত্রশক্তি বোয়ালখালী উপজেলার সংগঠক রিদুয়ান পৌরসভায় নির্দিষ্ট ডাস্টবিন না থাকার বিষয়টি তুলে ধরেন। তিনি ময়লা ফেলার ব্যবস্থা না থাকায় পকেটে করে ময়লা নিয়ে এসে ইউএনওকে বিষয়টি দেখান। পাশাপাশি রাস্তার পাশের অস্থায়ী দোকানগুলোর জন্য স্থায়ী সমাধানের জন্য অনুরোধ জানান।
আরিফ, সংগঠক, জাতীয় ছাত্রশক্তি বোয়ালখালী উপজেলা, জনগণের স্বার্থে ইউএনওকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান। শিহাব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, গাড়িভাড়ার বিষয়ে চালকদের সঙ্গে আলোচনা, ভাড়ার তালিকা প্রদর্শন, বাজার মনিটরিং এবং রেললাইনের পাশে নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। মাহিন, মুখ্য সংগঠক, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়নের আহ্বান জানান।
ছাত্রপ্রতিনিধিরা জানান, এসব দাবি কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থের জন্য নয়; বরং বোয়ালখালীর সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের জন্য উত্থাপন করা হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
ইউএনও প্রতিনিধিদলের বক্তব্য ও দাবিগুলো মনোযোগ দিয়ে শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।