বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ৪১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশখালী থানার অধীন পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফুটখালী ব্রিজ সংলগ্ন জান্নাত এগ্রো ফার্মের সামনে বাঁশখালী মেইন রোডে চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, চেকপোস্টে সন্দেহজনক গতিবিধির কারণে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এতে মোটরসাইকেলের সিটের নিচে কৌশলে লুকিয়ে রাখা ৪১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জাহেদুল ইসলাম (২৪), কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা এবং মো. ইউনুছ (২৮), একই উপজেলার কলাতলী এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।