খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সাড়ে তিন বছর বয়সী এক কন্যাশিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগে মো. সাব্বির (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার তিনটহরী এলাকা থেকে তাকে আটক করে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত বুধবার বিকেলে উপজেলার জিয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাব্বির একই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে এবং পাশের ফটিকছড়ি উপজেলায় একটি ফলের দোকানে কাজ করতেন।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, ঘটনার দিন বিকেলে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটির মা খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্তের বাড়ি থেকে তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বর্তমানে শিশুটি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা জানান, সময়মতো বিষয়টি বুঝতে পারায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। তিনি এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, শনিবার দুপুর ১টার দিকে অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রিপল বাপ্পি চাকমা জানান, ভিকটিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। চিকিৎসক সোমেন চাকমা বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।
মেডিকেল পরীক্ষা শেষে ভিকটিমের জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করা হবে বলে জানা গেছে।