পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন।
ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দল, চট্টগ্রাম সদর থেকে আগত একজন শিশু বিশেষজ্ঞ এবং সিন্দুকছড়ি জোন সদরদপ্তরের মেডিকেল অফিসার ও তাদের সহায়ক দল চিকিৎসা সেবা প্রদান করেন।
দিনব্যাপী এই আয়োজনে প্রায় দেড় হাজার পাহাড়ি ও বাঙালি রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
এছাড়া, বিশেষ উদ্যোগ হিসেবে লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
এসময় সিন্ধুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল ইসমাইল শামস আজিজী উপস্থিত ছিলেন। তিনি জানান, দুর্গম এলাকার অসহায় মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিল এই ক্যাম্পের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা সহায়তায় এই উদ্যোগ অব্যাহত থাকবে।