‘চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভূবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) উপজেলার ২ নম্বর হিংগুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ ও সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শতাধিক দেশীয় ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছ রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
কর্মসূচির এবারের বিশেষ প্রতিপাদ্য ছিল—‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’। এতে ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।