শিরোনামঃ

জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

মীরসরাই প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫) নামে এক খতিব নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম ফারুকী উপজেলার রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় পুত্র। তিনি রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং স্থানীয়ভাবে একজন সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকার একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে মহাসড়কের ওয়্যারলেস এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ভাই শরিফুল ইসলাম ফারুকী জানান, জোরারগঞ্জ এলাকায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান বলেন, “বিকেল ৩টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।”
এ ঘটনায় পুরো মিরসরাই উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষী গাড়িচালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL