শিরোনামঃ

হাটহাজারীতে ‘সুন্দরী ছড়া’ খাল খনন কাজ পরিদর্শন করলেন মুখ্য সচিব

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ২০২৫-২০৩০ মেয়াদে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন মহাপরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারীতে ‘সুন্দরী ছড়া’ খালের খনন কাজ পুরোদমে এগিয়ে চলছে। গতকাল শুক্রবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় চলমান এই খনন কর্মসূচি পরিদর্শন করেছেন সরকারের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রতিনিধি দলটি উপজেলার ৫ কিলোমিটার দীর্ঘ ‘সুন্দরী ছড়া’ খালের পুনঃখনন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাহেদ আরমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোর্শেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, কৃষি উৎপাদন বৃদ্ধি, বর্ষায় বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানিসংকট নিরসনের লক্ষ্যে গৃহীত এই মেগা প্রকল্পের কাজ কিছুদিন আগে শুভ উদ্বোধন করেছিলেন স্থানীয় সাংসদ ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিদর্শন শেষে মুখ্য সচিব জানান, ২০৩০ সালের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খননের যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, তা বাস্তবায়িত হলে দেশের কৃষি অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। সুন্দরী ছড়া খালের এই ৫ কিলোমিটার খনন কাজ শেষ হলে স্থানীয় কৃষকরা সেচ সুবিধার পাশাপাশি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পটি স্থানীয় সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL