শিরোনামঃ

ওমানে নিহত চার ভাইয়ের বাড়িতে এমপি হুমাম কাদের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা, দ্রুত মরদেহ দেশে আনার আশ্বাস

মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

ওমানে মর্মান্তিক ঘটনায় নিহত একই পরিবারের চার সহোদরের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন হুমাম কাদের চৌধুরী। শুক্রবার (১৫ মে) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়ায় নিহতদের বাড়িতে যান তিনি।
এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে তিনি স্থানীয় বন্দেরাজারপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশে থাকা নিহতদের একমাত্র ভাই মুহাম্মদ এনামের সঙ্গে কথা বলে তাকে সান্ত্বনা দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমাম কাদের চৌধুরী বলেন, “পরিবারটি অত্যন্ত কঠিন সময় পার করছে। আমরা তাদের পাশে আছি। আশা করছি আগামী মঙ্গলবারের মধ্যে মরদেহগুলো দেশে পৌঁছাবে। এ বিষয়ে ওমানে বাংলাদেশ দূতাবাস কাজ করছে এবং বাংলাদেশ সরকারও প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। পরিবারটিকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। সমাজের সকলকেই তাদের পাশে দাঁড়ানো উচিত।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
উল্লেখ্য, সম্প্রতি ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে একই পরিবারের চার সহোদরের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘসময় গাড়ির এসি চালু থাকায় সৃষ্ট বিষাক্ত গ্যাসের প্রভাবে তাদের মৃত্যু হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL