রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন গ্রুপের অন্তর্ভুক্ত রাঙ্গামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির প্রয়াত সদস্য মরহুম মো. আবুল বশরের পরিবারের মধ্যে মৃত্যু ফান্ডের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে রাঙ্গামাটির পথেরঘাটায় সমিতির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শংকদীস বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা কৃষক দলের সভাপতি অলকপ্রিয় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি ট্রাক চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বশর কালু এবং কার্যকরী সদস্য খোরশেদ আলম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি বিমল বড়ুয়া, অর্থ সম্পাদক রনজিত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আলী আকবর আবু এবং কার্যকরী সদস্য মো. জাফর চৌধুরীসহ সমিতির নেতৃবৃন্দ।
সমিতির নেতৃবৃন্দের হাত থেকে মৃত্যু ফান্ডের চেক গ্রহণ করেন প্রয়াত আবুল বশরের স্ত্রী আমেনা বেগম, ছেলে মিনজাহ এবং মেয়ে নিশা আক্তার।
চেক গ্রহণের পর আবুল বশরের ছেলে মিনহাজ বলেন, "বাবার মৃত্যুর পর সমিতির পক্ষ থেকে যে মৃত্যু ফান্ড দেওয়া হয়েছে, তা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। এই অর্থ দিয়ে আমাদের পরিবারের কিছুটা কষ্ট লাঘব হবে।"
সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী বলেন, আমাদের দায়িত্ব নেওয়ার আগে যারা সদস্য ছিল তাদের মৃত্যু ফান্ড ছিল পঞ্চাশ হাজার টাকা আর আমরা সমিতির দায়িত্ব নেওয়ার পর পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে ২লক্ষ টাকা করেছি।
উল্লেখ্য, চট্টগ্রামের চাঁদগাঁও থানার ৪নং ওয়ার্ডের ডালিপাড়ার বাসিন্দা মো. আবুল বশর গত ২২ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।