চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্পের কাজ এগিয়ে চলছে। স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী জানিয়েছেন, বহুদিনের প্রত্যাশিত কাপ্তাই সড়ককে চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং চলতি বাজেটেই প্রকল্পটি অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু করার আশ্বাসও দেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাঙ্গুনিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত পদুয়া রাজারহাট–কমলাছড়ি ব্রীজঘাটা খুরুশিয়া আবদুল হামিদ সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
উপজেলা প্রকৌশলী রেজাউল করিম জানান, এলজিইডির অধীনে সড়কটি কার্পেটিং করা হয়েছে। আগে দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়া এই সড়কটি সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে স্বস্তি ফিরবে।
এ সময় সংসদ সদস্য বলেন, গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই দিনে তিনি “ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন” প্রকল্পের আওতায় পেকুয়া সড়কে ৩৯ মিটার দীর্ঘ একটি আরসিসি গার্ডার সেতুর উদ্বোধন করেন। এছাড়াও গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের অধীনে পশ্চিম সরফভাটা এলাকার ক্ষেত্রবাজার–কালুরঘাট–চরণদ্বীপ সড়কের উন্নয়ন কাজেরও উদ্বোধন করা হয়।
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট–কমলাছড়ি ব্রীজঘাটা খুরুশিয়া আবদুল হামিদ সড়কের উদ্বোধন শেষে মুনাজাতে অংশ নেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।