শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের, সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে মো. আমির শরীফ (৬২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার শান্তিনিকেতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমির শরীফ পেশায় একজন বর্গাচাষী ছিলেন। প্রতিদিনের মতো ঘটনার দিন বিকেলে তিনি বাড়ির পাশের বিলে বর্গা নেওয়া জমিতে সেচ দিতে যান। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা নিশ্চিত হতে তাকে চন্দ্রঘোনা হেলথকেয়ার হাসপাতালে নিয়ে গেলেও সেখানেও চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
নিহত আমির শরীফ শান্তিনিকেতন দক্ষিণ পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি মৃত লেদু হাজীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে একই দিনে কালবৈশাখী ঝড়ের প্রভাবে উপজেলার সরফভাটা ইউনিয়নের কালিন্দী রানী সড়কের ওপর একটি বড় গাছ উপড়ে পড়ে। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পাশাপাশি ওই ইউনিয়নেই বজ্রপাতে একটি খড়ের গাদা ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, আকস্মিক এই ঝড় ও বজ্রপাত জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে এবং আতঙ্ক ছড়িয়ে দিয়েছে পুরো এলাকায়।

 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL