জাতীয় সংসদে প্রথমবারের মতো বক্তব্য প্রদান করে রাঙ্গুনিয়ার উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রথমবার বক্তব্য দেওয়ায় তিনি কিছুটা নার্ভাস ছিলেন। বক্তব্যের শুরুতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ার জনগণ তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে এই বিশ্বাসে যে তিনি এলাকার সমস্যার সমাধান করতে পারবেন। দীর্ঘ ১৭ বছর ধরে রাঙ্গুনিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলেও দাবি করেন তিনি।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, “আমি যখন আমার এলাকার সমস্যা নিয়ে আপনাদের কাছে আসব, তখন আপনারা আমাকে ছোট ভাই হিসেবে সহযোগিতা করবেন—এটাই আমার প্রত্যাশা।”
সংসদে বক্তব্যে তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা তার রয়েছে এবং তিনি নিজেও ‘আয়না ঘরে’ সাত মাস কাটিয়েছেন বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, নির্যাতিত ও গুমের শিকার পরিবারগুলোর প্রতি সহানুভূতি জানিয়ে তাদের আস্থা অর্জনের চেষ্টা করছেন তিনি।
মানবাধিকার বিষয়েও বক্তব্য দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, পূর্বের মানবাধিকার অধ্যাদেশটি দুর্বল ছিল এবং তা বাতিল হয়ে যাওয়ায় নতুন করে শক্তিশালী আইন আনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, সংসদে নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এতে জনগণের মতামত প্রতিফলিত হবে বলে আশা প্রকাশ করেন।
বক্তব্যের শেষে জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়ায় স্পিকারকে ধন্যবাদ জানান তিনি।
এসময় স্পিকার হুমাম কাদের চৌধুরীর বক্তব্যের প্রশংসা করে বলেন, তার পিতা সালাউদ্দিন কাদের চৌধুরী একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন এবং তিনি আশা করেন, হুমাম কাদের চৌধুরীও সুনামের দিক থেকে তাকে অতিক্রম করবেন।