শিরোনামঃ

সন্দ্বীপে তিন দিনব্যাপী নজরুল জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচির উদ্বোধন

সন্দ্বীপ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৮ থেকে ২০ জুন পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি চলবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স চত্বরে অবস্থিত কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।
সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী ও সদস্য কবি নীলাঞ্জন বিদ্যুতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় কবির জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন এবং সন্দ্বীপ সাহিত্য পরিষদের সদস্যসচিব ইলিয়াস কামালসহ অন্যান্য বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সাহিত্য, সংগীত, নাটক, গল্প, উপন্যাস, হামদ-নাত, ইসলামী সংগীত ও শ্যামাসংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। পাশাপাশি সাংবাদিকতা ও সৈনিক জীবনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আলোচনায় বক্তারা আরও বলেন, উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা ও সন্দ্বীপের কৃতী সন্তান কমরেড মুজফফর আহমদের সংস্পর্শে এসে নজরুল সাম্যবাদী চিন্তাধারায় উদ্বুদ্ধ হন। তাঁর আহ্বানেই কবি একসময় সাগরবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সন্দ্বীপে আসেন এবং দ্বীপটিকে কেন্দ্র করে রচনা করেন একাধিক কবিতা, গান ও গীতিনাট্য।
অনুষ্ঠানের আয়োজন করে সন্দ্বীপ উপজেলা প্রশাসন। সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা শিল্পকলা একাডেমি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL