চট্টগ্রামের সন্দ্বীপে হাজী আবদুল্লাহ তৈয়বুন নুর দারুস সালাম ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে ক্রীড়া, শিক্ষা, সাহিত্য-সাংস্কৃতিক ও বৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ফলাফল প্রকাশ এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বেলা ১২টায় মাদ্রাসার কাউছার জাহান হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, এ ওয়াই এম ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের সভাপতি মুহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোসাদ্দেকুল মাওলা, সহকারী প্রধান শিক্ষক মো. মোস্তফা, মাওলানা কাজী নিজাম উদ্দিন, মাস্টার মাইনউদ্দিন, সাংবাদিক চারু মিল্লাত, সেলিম সওদাগর এবং মাস্টার নুর হোসেন।
বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়া, নৈতিক শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার শাহীন উদ্দিন।