বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর সাইয়েদ মুনিপ আহমেদ শান (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শান চট্টগ্রাম মডেল স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। সে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট শনিবার বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল শান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তিন দিন পর সোমবার রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
মঙ্গলবার সকালে শানের জেঠা ফোরকান (যুক্তরাষ্ট্রপ্রবাসী) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।
শানের নিকটাত্মীয় ও চট্টগ্রাম মডেল স্কুলের হিসাবরক্ষক মো. ওমর হায়দার শাহেদ বলেন, শনিবার বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকেই শানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার রাতে পতেঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
তবে শানের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন স্বজনরা।